ইন্ডিয়ার সাথে মৈত্রী বন্ধন বাংলাদেশের উন্নয়নে সহায়ক: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:১০
ইন্ডিয়ার সাথে মৈত্রী বন্ধনকে দেশের উন্নয়নে অত্যন্ত সহায়ক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশে নেতাজির জন্মবার্ষিকী উদযাপন ও দেশপ্রেম দিবস উদযাপন পরিষদ আয়োজিত ‘নবজাগরণে নেতাজির আদর্শ’ সেমিনারে তিনি এ কথা বলেন।
নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে কিছু রাজনৈতিক শক্তি আছে যাদের রাজনৈতিক মূল এজেন্ডা হচ্ছে ভারতবিরোধিতা। প্রতিবেশী তিন দিকের সীমান্তের দেশের সাথে বৈরি সম্পর্ক রেখে এদেশের উন্নতি সম্ভব নয়। ভারত বিরোধিতাকেই যারা মূল প্রতিপাদ্য মনে করে রাজনীতি করে তারা আসলে ভুল পথে হাঁটছে। সৌহার্দ্যের মধ্যেই অগ্রগতি নিহিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্জিত উন্নয়ন-অগ্রগতিতে ভারতের সহযোগিতা অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা উভয় দেশ যে মৈত্রী বন্ধনে এগিয়ে যাচ্ছি এই মৈত্রীকে আরও সুদৃঢ় করার মধ্য দিয়ে এবং আমাদের আঞ্চলিক ও মানুষে মানুষে যোগাযোগ বিস্তৃত করার মাধ্যমে আমাদের এ অঞ্চলের উন্নতি সম্ভবপর হবে এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’
নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তথ্যমন্ত্রী ইন্ডিয়ার স্বাধীনতা সংগ্রামে নেতাজির আহ্বানে আজাদ হিন্দ ফৌজের যে ২৬ হাজার সেনানী জীবন দিয়েছিলেন, তাদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান।

