পূর্ব ঘোষণা ছাড়াই সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:২০

ঢাকায় মেরিন কোর্টে দুই মাস্টারের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে। রায়ের পর হঠাৎ করে ঢাকা সদরঘাটের পন্টুন থেকে লঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও বরিশালসহ সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন নৌযান শ্রমিকরা।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার পর বরিশাল নগরীর লঞ্চ টার্মিনাল থেকে ঢাকাগামী লঞ্চগুলো টার্মিনাল থেকে সরিয়ে নিয়ে ওপার চরকাউয়া এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে। লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু।

বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক জয়নাল আবেদীন বলেন, দুই মাস্টার সোমবার জামিনের মেয়াদ বাড়াতে মেরিন কোর্টে গিয়েছিলেন। সেখানে তাদের জামিন না হওয়ায় শ্রমিকরা দুপুরে পন্টুন থেকে লঞ্চ সরিয়ে নেয়।

কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, লঞ্চের দুই মাস্টারের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় নৌ শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়াই লঞ্চ বন্ধ করে দিয়েছে। বরিশালের ঢাকাগামী লঞ্চগুলো টার্মিনালের ওপাড়ে নিয়ে গিয়ে নোঙর করে রাখা হয়েছে।

লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার জন্য আলাপ-আলোচনা চলছে। আশা করি খুব শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান ওই সহ-সভাপতি।

প্রসঙ্গত, এক বছর আগে চাঁদপুরের হরিনাঘাটে অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। কেউ মারা না গেলেও লঞ্চ দুটি ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে মেরিন আদালতে যে মামলা হয়েছিল, তাতে দুই লঞ্চের মাস্টার রুহুল আমিন ও আলমাস জামিনে ছিলেন। সোমবার তারা সেই মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠিয়ে দেয়। এর প্রতিবাদেই নৌ শ্রমিকরা কর্মবিরতিতে গেছে বলে জানা গেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading