‘কাউকে লাভবান করতে ভ্যাকসিন সংগ্রহ করেনি সরকার’
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:১০
ভ্যাকসিন নিয়ে বিএনপি অপপ্রচার, গুজব এবং বিভ্রান্তি ছড়িয়ে মানুষ যাতে ভ্যাকসিন গ্রহণ না করে সে বিষয়ে সংশয় সৃষ্টি করছে এবং করোনা ক্রাইসিসকে দীর্ঘসূত্রতার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন। কাউকে লাভবান করা বা কারও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় সরকার করোনার ভ্যাকসিন সংগ্রহ করেনি। এটা সংগ্রহ করা হয়েছে জনগণের স্বার্থে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
করোনা ভ্যাকসিনের মতো জনসম্পৃক্ত ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, জনগণের মধ্যে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয়। দলটিকে রাজনৈতিক দল হিসেবে ভ্যাকসিন ইস্যুতে গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মতো এখনও আমলে নিবে না।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন। দ্রুত ভ্যাকসিন এনে তিনি সেটিই প্রমাণ করেছেন। তার নির্দেশে কোথায় কোথায় অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে তার কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে।
শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণ খুশি দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন, অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করুন।

