জাতীয় পতাকা উল্টো তুলে চরম বিতর্কে দিলীপ ঘোষ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:১৩
ইন্ডিয়াজুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আর এরই মধ্যেই উলটো পতাকা তুলে চরম বিতর্কে বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। যদিও পরে বিষয়টির ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পতাকা ঠিক করেন। এবং ফের তুলতে শুরু করেন। এই ঘটনায় কার্যত তাঁকেও যে অস্বস্তিতে পড়তে হয়েছে তা স্বীকার করে নিয়েছেন দিলীপ নিজেই। তিনি জানিয়েছন, এই বিষয়ে সতর্ক হওয়াটা জরুরি ছিল।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে রামপুরহাটে দলীয় কার্যালয়ে গিয়ে পতাকা উত্তোলন করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাতেই বিপত্তি। দিলীপ পতাকা তোলার সময়ই খেয়াল করেন সেটি উল্টো। এর পর পতাকা সোজা করে ফের তোলেন। জাতীয় সঙ্গীতও করেন। কিন্তু তাতে সমালোচনা থামেনি।
দিলীপ যদিও বারবার দাবি করেছেন, জাতীয় পতাকার অসম্মানের জন্য এসব করা হয়নি। নিতান্ত ভুল করেছেন দলীয় কর্মীরা। তা সংশোধন করা হয়েছে। তাঁর কথায়, ‘এটা খুবই অস্বস্তিকর ঘটনা। পতাকা তোলার আগে পরীক্ষা করে দেখিনি। কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গেই বিষয়টা আমার চোখে পড়ে। তখন নিজেই হাত লাগাই। তার পর সঠিক ভাবে জাতীয় পতাকা তুলি। যাঁরা ওই দায়িত্বে ছিলেন, তাঁদের বলেছি, এমন ভুল যেন আর কখনও না হয়।’

