কেউ অন্যের ভোট দিতে পারবেন না: নওফেল

কেউ অন্যের ভোট দিতে পারবেন না: নওফেল

উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৪৪

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আশা প্রকাশ করেছেন যে চট্টগ্রাম সিটি নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে। এই প্রক্রিয়ায় কেউ অন্যের ভোট দিতে পারবেন না। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে যাচাই-বাছাই করে ভোট দিচ্ছেন। ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ বা শঙ্কা নেই।

বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর নগরের আন্দরকিল্লায় এমইএস উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ভোটগ্রহণ সুন্দরভাবে হচ্ছে। আপনারা কেন্দ্রে এসে ভোট দিন। পছন্দের প্রার্থীকে ভোট দিন। এসময় তিনি তার দল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সমর্থিত সব কাউন্সিলর প্রার্থীদের জন্য শুভ কামনা জানান।

এসময় তার সঙ্গে ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী ও দলের নেতাকর্মীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading