ম্যানইউয়ের মাঠে শেফিল্ডের জয়

ম্যানইউয়ের মাঠে শেফিল্ডের জয়

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:১৮

ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হলো না। তাদের মাঠ থেকে অসাধারণ এক জয় নিয়ে ফিরল শেফিল্ড ইউনাইটেড।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার (২৭ জানুয়ারি) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারায় তলানির দল শেফিল্ড। ১৯৭৩ সালের ডিসেম্বরের পর এই প্রথম লিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতল তারা।

শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা ইউনাইটেড প্রথম ভালো সুযোগ পায় দশম মিনিটে। ডান দিক থেকে অ্যারন ওয়ান-বিসাকার পাসে মার্কাস র‍্যাশফোর্ডের নিচু শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

খেলার ধারার বিপরীতে ২৩তম মিনিটে এগিয়ে যায় শেফিল্ড। কর্নারে ইংলিশ ডিফেন্ডার কিন ব্রায়ানের লাফিয়ে নেওয়া হেডে বল পোস্টে লেগে জালে জড়ায়। দলটির হয়ে এটিই তার প্রথম গোল।

আট মিনিট পর বল জালে পাঠিয়েছিলেন অঁতনি মার্সিয়াল। তবে এর আগ মুহূর্তে প্রতিপক্ষের গোলরক্ষককে হ্যারি ম্যাগুইয়ার ফাউল করায় গোল পায়নি ইউনাইটেড।

৬৪তম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান অধিনায়ক ম্যাগুইয়ার। ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স তেলেসের কর্নারে হেডে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার।

৭৪তম মিনিটে আবার এগিয়ে যায় শেফিল্ড। ডি-বক্সে অলিভার বার্কের শট ইউনাইটেডের ডিফেন্ডার আক্সেল চুয়োজেঁবের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। এই গোলে গোলরক্ষক দাভিদ দে হেয়া দায় এড়াতে পারবেন না। তার দুর্বল পাস থেকেই সুযোগটি পেয়েছিল সফরকারীরা।

এই ম্যাচ জিতে শীর্ষে ফেরার সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া উলে গুনার সুলশারের দল ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

এভারটনের সঙ্গে ১-১ ড্র করা লেস্টার সিটি ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে। ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সাতে এভারটন।

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে গোলশূন্য ড্র করা চেলসি ২০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading