পাকিস্তান কি ইন্ডিয়ার ভ্যাকসিন পাবে?
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৪:৩৫
চীনের তৈরি টিকা দিয়ে আগামী সপ্তাহে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা করেছে পাকিস্তান। প্রথমে দেশটির স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। পাকিস্তানের প্রতিবেশী এবং চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ায় মধ্য-জানুয়ারি থেকে কোভিড টিকাদান কার্মসূচি চালু হয়। বিশ্বের সব টিকার ৬০ শতাংশ তৈরি হয় ইন্ডিয়ায়। সেখানে বিপুল উদ্যমে কোভিড-১৯ এর টিকা তৈরির কাজ চলছে। এরই মধ্যে ইন্ডিয়া প্রতিবেশী দেশগুলোকে কোভিডের লাখ লাখ ডোজ টিকা বিনামূল্যে দিতে শুরু করেছে। কিন্তু টিকা পাওয়া প্রতিবেশীদের সেই তালিকায় নেই দেশটির নিকটতম প্রতিবেশী পাকিস্তানে নাম।
বিবিসি লিখেছে, পরমাণু অস্ত্র সমৃদ্ধ এই দুই প্রতিবেশীর মধ্যে জন্মলগ্ন থেকেই চিরবৈরী সম্পর্ক। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর দুই দেশ এখন পর্যন্ত তিনবার যুদ্ধে জড়িয়েছে। কাশ্মীর ঘিরে সংঘাতের কারণে ২০১৯ সালেও দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির তৈরি হয়েছিল।
ইন্ডিয়া টিকা না দিলেও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তাদের মিত্র দেশ চীন। ২২ কোটি মানুষের দেশ পাকিস্তানে অন্তত ৭০ শতাংশ মানুষকে বিনামূল্যে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা করেছে দেশটির সরকার। এরইমধ্যে দেশটির ওষুধ প্রশাসন তিনটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। অনুমোদন পাওয়া টিকা তিনটি হলো: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, চীনের তৈরি সিনোফার্ম এবং রাশিয়ার তৈরি স্পুৎনিক ভি।
চীনের তৈরি ক্যানসিনো বায়োলোজিকস এর আরেকটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে পাকিস্তানে।

