রূপপুরের বিদেশি কর্মীদের জন্য রাশিয়ার টিকা আনার অনুমতি

রূপপুরের বিদেশি কর্মীদের জন্য রাশিয়ার টিকা আনার অনুমতি

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৯:৫৩

পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ব্যবহারের জন্য রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুৎনিক-ভি-এর এক হাজার ডোজ দেশে আনার অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এই অনাপত্তি দেওয়া হয় বলে জানিয়েছেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। শুক্রবার (২৯ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ান স্ট্যাট অ্যাটমিক এনার্জি করপোরেশন বা রোসাটম এই টিকা আনার জন্য আবেদন করে। “ওইখানে যারা কাজ করছেন কর্মকর্তা-কর্মচারী তাদের জন্য টিকা আনার অনুমোদন চেয়েছিল। তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদন চেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে আবেদনটি আমাদের কাছে এসেছে। সেজন্য শর্তসাপেক্ষে টিকা আমদানির অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।”

শর্তে বলা হয়েছে, এই টিকা শুধু রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ওপর প্রয়োগ করা যাবে এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তার দায়িত্ব রোসাটমকে বহন করতে হবে।

প্রসঙ্গত, গত বছরের অগাস্টে বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া তাদের তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমতি দেয়। মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের তৈরি করা ওই টিকার নাম দেওয়া হয় স্নায়ুযুদ্ধকালে আমেরিকাকে টেক্কা দিয়ে রাশিয়ার তৈরি করা মহাকাশ যান স্পুৎনিক-১ এর নামে। মানুষের ওপর দুই মাসেরও কম সময় পরীক্ষা চালানোর পর চূড়ান্ত পরীক্ষার আগেই ওই টিকার অনুমোদন দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরে গত ৫ ডিসেম্বর থেকে রাশিয়া এই টিকা দেওয়া শুরু করে, যদিও এর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading