‘বেসরকারি গ্রন্থাগারিকদের সম্মানী বাবদ অনুদান দেয়া হবে’

‘বেসরকারি গ্রন্থাগারিকদের সম্মানী বাবদ অনুদান দেয়া হবে’

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৯:৪০

বেসরকারি গ্রন্থাগারসমূহ পরিচালনার জন্য গ্রন্থাগারিকের সম্মানী বাবদ এককালীন অনুদান দেয়া হবে বলে জানিয়েছেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি বলেন, ‘সারাদেশে কাগজে-কলমে ১৩৭৯টি বেসরকারি গ্রন্থাগার রয়েছে যার মধ্যে সক্রিয় গ্রন্থাগারের সংখ্যা ৮০০টি। গ্রন্থাগারিকের অভাবে বেশিরভাগ গ্রন্থাগারসমূহ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও পরিচালনা করা সম্ভব হচ্ছে না। একজন ছাত্র-ছাত্রীকে গ্রন্থাগারিকের দায়িত্ব প্রদান করে বছরে তার পড়ালেখার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয় তা হিসাব করে এককালীন অনুদান হিসাবে এসব বেসরকারি গ্রন্থাগারসমূহকে সংস্কৃতি মন্ত্রণালয় হতে দেয়া হবে।’ খবর বাসসের।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর বেরাইদ গণপাঠাগার সংলগ্ন পুরান ঈদগাহ মাঠে বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি ও বেরাইদ গণপাঠাগার আয়োজিত ‘দ্বিতীয় ঢাকা গ্রন্থসুহৃদ-গ্রন্থাগার প্রতিনিধি সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের মনের ভাবনা, চিন্তা-চেতনা, আবেগ, হৃদয়ের স্পন্দন প্রভৃতি কাগজের পাতায় লিখে বই আকারে সাজিয়ে নিই বা সন্নিবেশিত করি। এসব বই যেখানে সংরক্ষণ করা হয় সেটি হচ্ছে গ্রন্থাগার। আর এ গ্রন্থাগারের ইতিহাস হাজার বছরের পুরনো।’

বেরাইদ গণপাঠাগারকে একটি আদর্শ গ্রন্থাগার হিসাবে অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত পর্যায়ে সাধারণত এ ধরনের অসাধারণ উদ্যোগ দেখা যায় না। গ্রন্থাগারটি আর্থিকভাবে যেমন স্বচ্ছল, তেমনি এখানকার বইয়ের মান, সংরক্ষণ, গবেষণা ও প্রকাশনা অনেক উন্নত।’

এসময় নিজের কোভিড-১৯ টিকা গ্রহণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কে এম খালিদ বলেন, সবাই দ্রুত টিকা গ্রহণ করুন। আমি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে টিকা গ্রহণ করেছি। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্তি ভ্যাকসিন।

তিনি এসময় বিএনপিসহ যারা টিকা নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে তাদেরকেও দ্রুত টিকা গ্রহণের আহবান জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading