দিল্লির বিস্ফোরণ ‘ট্রেলার মাত্র’!
উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | ১২:২০
শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে ইন্ডিয়ার নয়াদিল্লির ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হওয়া প্যাকেটে আটকানো চিঠিতে লেখা ছিল ‘এটা ট্রেলার মাত্র’। চিঠিটি ইজরায়েলি দূতাবাসের উদ্দেশে একটি ‘বার্তা’ বলেই মনে করছেন দিল্লির পুলিশ। খবর কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার প্ত্রিকা’র।
শুক্রবার সন্ধ্যায় দিল্লির ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরকটি ‘আইইডি’ বলে সন্দেহ করা হচ্ছে। সেটিকে মেঝেতে একটি প্লাস্টিকের ব্যাগে জড়িয়ে রাখা হয়েছিল যেখানে তার পাশে পার্কিং করা চার/পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘আইইডি’তে বল বিয়ারিং ব্যবহার করা হয়েছিল।
ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইসরায়েল থেকে বিশেষ তদন্তকারী টিম আসছে দিল্লির ঘটনা তদন্তের জন্য। ভারতীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করার জন্য শনিবার (৩০ জানুয়ারি) ওই টিমের দিল্লি পৌঁছনোর কথা। ওই বিস্ফোরণকে ইসরাইল ‘জঙ্গি হামলা’ হিসাবেই দেখছে।
বিস্ফোরণের পর ইতিমধ্যেই দিল্লি-মুম্বইয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সেদেশের আইবি এবং এনআইএ-র তদন্তকারী অফিসাররা ঘটনাস্থল থেকে বিস্ফোরক লেগে থাকা কিছু বল বিয়ারিং উদ্ধার করেছেন। একটি আধপোড়া গোলাপি দোপাট্টাও উদ্ধার হয়েছে। এই সব কিছু পাঠানো হয়েছে ফরেন্সিক তদন্তের জন্য।
এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির ইজরায়েলি দূতাবাসের একটি গাড়িতে ‘স্টিকার বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

