দিল্লিতে কৃষকদের গণঅনশন
উত্তরদক্ষিণ |শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৫:১৫
ইন্ডিয়ার কৃষকরা পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আন্দোলন আরো জোরদার করেছেন। বিতর্কিত তিন কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে প্রায় দুইমাস ধরে আন্দোলনরত কৃষকেরা এবা গণঅনশন করছেন।
শনিবার (৩০ জানুয়ারি) একদিনের গণঅনশন করছেন তারা। ৩০ জানুয়ারি ইন্ডিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ৭৩তম মৃত্যু দিবস। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে তারা শনিবার অনশন করেন বলে জানান কৃষক নেতারা।
সংযুক্ত কৃষাণ মোর্চা গ্রুপের নেতা দর্শন পাল বলেন, ‘‘কৃষকদের এই আন্দোলন শান্তিপূর্ণ ছিল এবং শান্তিপূর্ণ থাকবে।
‘‘সত্য এবং অহিংসার মাহাত্ম্য ছড়িয়ে দিতেই আমরা ৩০ জানুয়ারি এ গণঅনশনের আয়োজন করেছি।”
গত ২৬ জানুয়ারি ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকরা রাজধানী দিল্লিতে ঢুকে পড়েন। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই দিন এক কৃষকের মৃত্যুসহ আহত হয়েছেন শতাধিক কৃষক। সংঘর্ষে তাদের প্রায় তিনশ সদস্য আহত হয়েছে বলে দাবি দিল্লি পুলিশের। ওই ঘটনায় পুলিশ কৃষকদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছে।
কৃষকদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারের সঙ্গে কৃষক ইউনিয়নের নেতাদের ১১ দফা আলোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত হওয়া সব আলোচনাই ব্যর্থ হওয়ায় এ অচলাবস্থার অবসান হচ্ছে না। কৃষকরা নতুন ওই তিন কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহার চান।
কৃষকদের আশঙ্কা, নতুন কৃষি আইনের ফলে সরকার আর ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ফসল কিনতে বাধ্য থাকবে না। বাজারের উপর সরকারের নজরদারিও কমে যাবে। ফলে বাজারের নিয়ন্ত্রণ এবং কৃষি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা বড় বড় ব্যক্তিমালিকানাধীন কোম্পানির হাতে চলে যাবে এবং কৃষকদের জীবন তাদের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়বে।
পাঞ্জাব থেকে শুরু হওয়া ওই আন্দোলন এখন সারা ইন্ডিয়ায় ছড়িয়ে পড়েছে।

