‘পাপুলের এমপি পদ বাতিলের বিষয়ে জারি করা রুলের ওপর দ্রুত উদ্যোগ নেওয়া হবে’

‘পাপুলের এমপি পদ বাতিলের বিষয়ে জারি করা রুলের ওপর দ্রুত উদ্যোগ নেওয়া হবে’
সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুল । লক্ষ্মীপুর-২ । একাদশ সংসদ

উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ২০:৪৮

কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের এমপি (সংসদ সদস্য) পদ বাতিলের বিষয়ে জারি করা রুলের ওপর দ্রুত শুনানির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

শনিবার (৩০ জানুয়ারি) পাপুলের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভুইয়ার আইনজীবী শেখ আওসাফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মামলাটি বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। আমরা রবিবার (৩১ জানুয়ারি) আদালতে আবেদন জানাবো, যেন রুলটি দ্রুত শুনানির জন্য গ্রহণ করা হয়। আমরা শুনানিকালে কুয়েতে পাপুলকে দেওয়া সাজার রায়টি হাইকোর্টকে দেখানো হবে।’

২০২০ সালের ১৮ আগস্ট শহীদ ইসলাম পাপুলের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে নির্বাচনি হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া ও শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২০ সালের ১৬ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া। ওই রিটে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে বিবাদী করা হয়।

প্রসঙ্গত, অর্থপাচার ও মানবপাচারের মতো অপরাধে জড়িত থাকার দায়ে গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। কারাদণ্ডের পাশাপাশি পাপুলকে ১৯ লাখ কুয়েতি দিনার (প্রায় ৫৩ কোটি ২১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এমপি পাপুলকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading