পরবর্তী ধাপে ভ্যাকসিন পাবেন ৫৫ বছরের অধিক বয়সীরা: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ২১:২০
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, পরবর্তী ধাপে করোনাভাইরাসের ভ্যাকসিন পাবেন ৫৫ বছরের অধিক বয়সী মানুষরা। ধাপে-ধাপে কম বয়সীদের ভ্যাকসিন দেয়া হবে। দেশে প্রায় সাড়ে ৫ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
শনিবার (৩০ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন বিষয়ক একটি সভায় তিনি এসব কথা জানান।
জাহিদ মালেক বলেন, দেশে আনা ভ্যাকসিন সুষ্ঠুভাবে দেয়া এবং বিতরণ করাই এখন বড় বিষয়। নীতিমালা তৈরি করা হয়েছে তার আলোকেই ভ্যাকসিন দেয়া হবে। তবে ভ্যাকসিন নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তবে সমালোচনা করে একজন মানুষকে যদি ভ্যাকসিন থেকে বিমুখ করা হয়, তাহলে তার প্রাণহানীও ঘটতে পারে। তাই মানুষের ক্ষতি হয় এমন সমালোচনা করা ঠিক নয়। আর এখন পযর্ন্ত দেশে আসা ভ্যাকসিনই সবচেয়ে নিরাপদ। সব ওষুধ ও ভ্যাকসিনেরই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই বলে কেউ কি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছেন? কাজেই করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটা আমি বলবো না। কিছু হতেই পারে।
তিনি বলেন, প্রতিবছর কোটি কোটি ছেলে মেয়েকে ভ্যাকসিন দেয়া হয়। ভ্যাকসিন নিলে কি হতে পারে হয়তো জ্বর হতে পারে কিংবা মাথা ব্যাথা হতে পরে। অথবা ভ্যাকসিন দেয়ার জায়গাটা একটু ফুলে যেতে পারে। এ পর্যন্ত যতগুলো লোককে করোনাভ্যাকসিন দেয়া হয়েছে তাদের কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি এবং সবাই ভালো আছেন।
করোনা ভ্যাকসিনের কাযর্কারিতার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাটি খুব তাড়াতাড়ি তৈরি করা হয়েছে। এই টিকাটি পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে সময় লাগে তা বিশ্ববাসী দিতে পারে নাই। ভ্যাকসিন সম্পর্কে সবকিছু বলার মতো সময় তারা পায় নাই। এটা জানতে ৭ থেকে ৮ বছর সময় লাগে। তবে ১২ সপ্তাহের মধ্যে দুটি ডোজ নিতে হবে এ বিষয়টি জানা গেছে।
জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকার তিন কোটি ভ্যাকসিনের টাকা অলরেডি দিয়ে দিয়েছেন। ২০ লাখ ভ্যাকসিন ভারত সরকার বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে। এই মুহুর্তে দেশে ৭০ লাখ ভ্যাকসিন আছে। ডাব্লিউএইচও’র করোনা ভ্যাকসিনের জন্যও বুকিং দেয়া হয়েছে। সেখানে প্রায় সাড়ে ৬ কোটি ভ্যাকসিন চাওয়া হয়েছে। তারা এটা আমাদের দিবে বলে সম্মতি দিয়েছেন। সাড়ে ৫ কোটি লোককে ভ্যাকসিন দেয়ার লক্ষ্য নির্ধারণ হয়েছে। আরও দরকার হলে পরিমাণ বাড়ানো হবে।
অনুষ্ঠানে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গেলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধ মো. আব্দুস সালাম, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আকন্দ, প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

