কক্সবাজারে চা দোকানিকে কুপিয়ে হত্যা
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১২:০৫
কক্সবাজার শহরের সাবমেরিন ক্যাবল স্টেশন সংলগ্ন ফরেস্টের গলিতে নিজ বাসার গেটের সামনে সাহাব উদ্দীন (৩৮) নামের এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (৩০জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকাপল্লী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
এ নিয়ে নিহতের ভাই দক্ষিণ সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির সভাপতি নুরুল কবির গণমাধ্যমকে বলেন, বেশ কিছুদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ আমার ভাইয়ের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর মধ্যে নিহতের পরিবার ও স্থানীয়দের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িত দুজনের নাম আমরা পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

