জাভেদ আখতারের বাসায় টিম ‘বঙ্গবন্ধু’
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৫:৫৪
ইন্ডিয়ার মুম্বাইয়ে শুটিং শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের। ২১ জানুয়ারি মহরত অনুষ্ঠানে শিল্পী-কুশলীদের পাশে উপস্থিত ছিলেন বলিউডের নামজাদা সংগীত পরিচালক শান্তনু মৈত্র।
এই চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন শান্তনু। তবে এ বিষয়ে কোন কথা বলেননি শ্যাম বেনেগাল। তবে নতুন আভাস দিলেন প্রধান চরিত্র তথা ‘বঙ্গবন্ধু’ হিসেবে অভিনয় করতে যাওয়া আরিফিন শুভ।
শনিবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন ইন্ডিয়ার কিংবদন্তি গীতিকবি জাভেদ আখতারের সঙ্গে একটি ছবি।
বলিউডের এই গীতিকবির প্রতি শুভ তার মুগ্ধতার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আপনার ঘরে আপনার সামনে আমার এই উপস্থিতি কতোটা আবেগের, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। এই জাদুকরী সন্ধ্যায় আপনি ছিলেন আমার কাছে কেকের ওপর একটি চেরি ফলের মতো।’
ধারনা করা যায়, শনিবার সন্ধ্যায় শ্যাম বেনেগালের নেতৃত্বে জাভেদ আখতারের বাসায় দারুণ এক সন্ধ্যা কাটিয়েছে টিম ‘বঙ্গবন্ধু’।
শুভর ভাষায়, ‘শোলে থেকে জিন্দেগি না মিলেগি দোবারা পর্যন্ত ছবিগুলোতে আপনি (জাভেদ আখতার) যা লিখেছেন, সেটি আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। সেই প্রভাবের মধ্যদিয়েই আজকের এই আমি।’
‘বঙ্গবন্ধু’র শুটিং গত বছরের মার্চে ঢাকায় শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বেশ কয়েক মাস পিছিয়ে যায়। কিন্তু বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল আর দেরি করতে চাননি। ফলে মুম্বাইয়ের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও ২১ জানুয়ারি সেখানকার একটি স্টুডিওতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠান করেন।

