রাশিয়ায় আবারও শুরু হয়েছে বিক্ষোভ
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৬:৩৫
অ্যালেক্সি নাভালনির সমর্থনে রাশিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ ঠেকাতে রাজধানী মস্কোর মেট্রোস্টেশনগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া তারা রাজধানীর কেন্দ্রস্থলে মানুষের চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণ করছে। এই দফায় এখন পর্যন্ত ৫১৯ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) এই বিক্ষোভকে কেন্দ্র করে পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করেছে রুশ পুলিশ। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ওভিডি ইনফো নামের একটি এনজিও রাশিয়ায় বিক্ষোভ-সমাবেশ পর্যবেক্ষণ করে থাকে। ওভিডির ভাষ্য, দ্বিতীয় দফায় রাশিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী মস্কোয় এখনো বিক্ষোভ শুরু হয়নি। সেখানে আরও পরে বিক্ষোভ শুরু হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় দফার বিক্ষোভ সামনে রেখে রুশ পুলিশ নাভালনির বেশ কিছু ঘনিষ্ঠ সহযোগীকে আগেই আটক করে। একই সঙ্গে তারা নাভালনির সমর্থকদের বিক্ষোভ না করতে হুঁশিয়ার করে।
রুশ পুলিশ বলে, আজকের বিক্ষোভের জন্য অনুমতি নেওয়া হয়নি। এই বিক্ষোভ অবৈধ। অবৈধ কর্মসূচির বিরুদ্ধে গত সপ্তাহের মতো এবারও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রুশ পুলিশ বলে, এ ধরনের বিক্ষোভ করোনা ছড়াতে পারে।
কিন্তু নাভালনি-সমর্থকেরা পুলিশের হুমকি উপেক্ষা করে রাজপথে নেমেছেন। তাদের নাভালনির মুক্তি দাবির পাশাপাশি সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।
২৩ জানুয়ারি নাভালনি-সমর্থকেরা রাশিয়াজুড়ে প্রথম দফায় বিক্ষোভ করেন। সেদিন বিক্ষোভকালে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
গত সপ্তাহের ধারাবাহিকতায় রবিবার দ্বিতীয় দফায় রাশিয়াজুড়ে বিক্ষোভের কর্মসূচি পালন করছেন নাভালনি-সমর্থকেরা।
নাভালনি তার আটকাদেশকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন। তাকে মুক্তি দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমারা। ১৭ জানুয়ারি জার্মানি থেকে রাশিয়ায় ফেরেন নাভালনি। বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।

