সুন্দরগঞ্জে মায়ের বিরুদ্ধে শিশু কন্যা হত্যার অভিযোগ
উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১১:৩৬
সাড়ে তিন মাস বয়সী এক শিশু কন্যাকে তার মা ঘুমন্ত অবস্থায় টয়লেটে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। শনিবার (৩০ জানুয়ারি) রাতে সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
রবিবার (৩১ জানুয়ারি) বিকেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুর মা তানজিলা বেগমকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে শিশুর মা তানজিলা বেগম টয়লেটে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন বলেও জানা গেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান।
তিনি জানান, শিশুর মা তানজিলা বেগম জানিয়েছেন শনিবার রাতে তার সন্তান নুর হাওয়া ঘুমিয়ে ছিল। সেসময় কোলে নিয়ে তাকে বাড়ির টয়লেটে ফেলে দেয়। ‘তবে হত্যার দায় স্বীকার করলেও কী কারণে নিজের সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তা জানায়নি তানজিলা বেগম। রহস্য উদঘাটনে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ বলেন, ওসি আব্দুল্লাহিল জামান।

