ইন্ডিয়াতে প্রথমবারের মতো পেশ করা হলো ‘পেপারলেস বাজেট’

ইন্ডিয়াতে প্রথমবারের মতো পেশ করা হলো ‘পেপারলেস বাজেট’

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৩:২৫

ইন্ডিয়ার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রথমবারের মতো ‘পেপারলেস বাজেট’ পেশ করছেন। কোভিড-১৯ সংক্রমণের কারণে দেশের ইতিহাসে এই প্রথম বাজেটের কোনো নথি ছাপানো হবে না। পুরো বাজেট পাওয়া যাবে অনলাইনে।

দেশটির অর্থমন্ত্রী আগেই বলেছিলেন, ‘এমন বাজেট আগে কখনো হয়নি।’ আর সেই কথামতো সোমবার (ফেব্রুয়ারি) ট্যাবলেট হাতে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

বাজেটে করোনাকালের জন্য ২৭ লাখ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। পরিবেশ রক্ষায় বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার কোটি টাকা। এ ছাড়া তরুণ জনগোষ্ঠী ও শিশুদের উন্নয়নে বড় প্রাধান্য দেওয়া হয়েছে বাজেটে।

ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুরো বাজেটে প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ৬৪ হাজার ১৮০ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সব জেলায় তৈরি করা হবে স্বাস্থ্য ল্যাবরেটরি। এ ছাড়া বাজেট ঘোষণায় তিনি বলেন, ‘মহামারি সামাল দিতে প্রতিষেধক তৈরি করেছি আমরা, আরও দুটি প্রতিষেধক আসছে।’

গত অর্থবছরে যখন বাজেট পেশ করা হয়, ইন্ডিয়ায় তখনো করোনার প্রকোপ শুরু হয়নি। তবে এবার করোনাকালে পেশ হচ্ছে এই বাজেট। এ ছাড়া ১৯৫২ সালের পর এই প্রথম সংকোচনের ধারায় রয়েছে ইন্ডিয়ার অর্থনীতি। এ অবস্থায় দেশকে প্রবৃদ্ধির ধারায় নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে অর্থমন্ত্রীর হাতে। ২০২১-২২ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরা হয়েছে ১১ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading