১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা ছুটি নিতে পারবেন না: স্বাস্থ্য মহাপরিচালক
উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৬:৩০
করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা কেউ কর্মস্থল ত্যাগ ও ছুটি নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
সোমবার (১ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সাথে অফিস থেকে অনলাইন সভা শেষে একথা বলেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, সরকারি ছুটির দিনে টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।
তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছে। এখন পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা সহায়তা করবেন।’

