বিভূতিভূষণের গল্পে জয়া আহসান
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ০৯:৩৯
অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমার নাম ‘চালচিত্র’। কলকাতার সাথে চুক্তিবদ্ধ হওয়া জয়ার এই বতুন ছবি তৈরি হবে কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অবলম্বনে। পরিচালনার দায়িত্বে রয়েছেন কলকাতার নির্মাতা চিত্র ভানু বসু।
কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ৩০ জানুয়ারি সন্ধ্যায় হয় এর শুভ যাত্রা। ইন্ডিয়ার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘হিপ্পিক্স’এর উদ্বোধন অনুষ্ঠানে ছবির ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন জয়া আহসান, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিত্র ভানু বসু প্রমুখ।
ইন্ডিয়ার সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানায়, ছবিতে জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী।
এর গল্পটি এমন, এক গ্রাম্য মেয়ে, যে খেতে খুব ভালোবাসে। সে যা পায়, তা-ই খেয়ে ফেলে। যখন একসময় সে কিছু পায় না, সে চুরি করে খায়। তারপর ঠিক কীভাবে তাকে গ্রাম থেকে বিতাড়িত হতে হয় এবং এরপর ঠিক কী কী হয় তার সঙ্গে- তা নিয়েই ছবিটি তৈরি হবে। এতে গ্রাম্য মেয়ের ভূমিকায় থাকছেন জয়া আহসান।
এদিকে, জয়া কলকাতার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর নাম ‘ওসিডি’। ছবিটি পরিচালনা করছেন সৌকর্য ঘোষাল। ইন্ডিয়ান মিডিয়ার দাবি, ছবিটির প্রযোজক হিসেবেও থাকছেন জয়া আহসান।

