বিএনপির কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে : প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৫:০০
প্রধানমন্ত্রী শেক হাসিনা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি একটা দলের নেতৃত্বে থাকলে তাদের ওপর মানুষের আস্থা থাকে না। জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সমাপ্তি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তাদের (বিএনপি) এখন নেতৃত্বের অভাব। আমাকে হত্যা চেষ্টার মামলায় যারা সাজাপ্রাপ্ত, তারা যখন কোনো দলের নেতৃত্বে থাকে সেই দল জনগণের কাজ করবে কীভাবে? জনগণ এখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতই বক্তব্য দিক, যত কথাই বলুক, এই ধরনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যখন একটা দলের নেতৃত্বে তাদের ওপর মানুষের আস্থা থাকে না, বিশ্বাস থাকে না। মানুষ আওয়ামী লীগের কাছ থেকে আস্থা ও বিশ্বাস পেয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের কল্যাণ হচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করেছে। যার প্রতিফলন আমরা দেখলাম আমাদের স্থানীয় সরকার নির্বাচনে।
তিনি আরো বলেন, মানুষ এখন আন্তরিকভাবে ভোট দিচ্ছে। আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছি। সেখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। যার যার ভোট সে নিজে দিতে পারে। এখন আর সেই ‘দশটা হোন্ডা বিশটা গুণ্ডা নির্বাচন ঠান্ডা’ সেই পদ্ধতি নেই। কিংবা ভোট দিতে গিয়ে দেখল ভোট বন্ধ সেটা করা হয় না। তবে মেয়র ইলেকশনেও আমাদের কিছু কিছু জায়গায় কমিশনারদের মধ্যে গোলমাল হয়েছে সেগুলো আলাদা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে যারা টিকা নিয়েছেন বা নেবেন, সবার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে তাদেরকেও মাস্ক পরা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ভ্যাকসিন যারা নিচ্ছেন, তাদেরকেও কিন্তু মাস্ক পড়ে থাকতে হবে। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। এটা নিজের জন্য বা অন্যের জন্য এটা দরকার, সেটা ততক্ষণ পর্যন্ত আপনারা করবেন, যতক্ষণ পর্যন্ত এটা সারাবিশ্ব থেকে সম্পূর্ণভাবে না যায়, ততক্ষণ পর্যন্ত সকলকেই নিরাপদ থাকার আহ্বান জানাচ্ছি।”
একাদশ সংসদের একাদশ অধিবেশনের সমাপনী দিনে পদ্মা সেতু নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “সেটার প্রশংসা তো দিতেই পারল না, উল্টো বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হয়েছে কেউ উঠবেন না। তাহলে নদীটা পার হবে কিসে মাননীয় স্পিকার? যদি নৌপথে যেতে হয়, তাহলে নৌকা বা… নৌকায়ই যেতে হবে বা.. উপায় তো নাই। হ্যাঁ..নৌকায়ই চড়তে হবে।
“আমাদের নৌকা অনেক বড়, কোনো অসুবিধা নাই। … আমাদের নৌকা অনেক বড় সবাইকেই নেব। তবে বেছে নেব, কেউ নৌকায় বসে নৌকা ফুটো না করে, সেটাও দেখব।”

