পাওনা টাকা চাইতে গিয়ে মালিকের হাতে কর্মচারী খুন
সাব্বির হোসেন | উত্তরদক্ষিণ
সাভার: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৬:৪০
সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় কাজের পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে বিশ্বজিৎ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক দোকানদার রিপন কান্তে পলাতক রয়েছেন।
সোমবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়ার পুর্বপাড়া বনভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী কমলা রাণী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত বিশ্বজিৎ বরগুনার বেতাগী থানা এলাকার প্রসেঞ্জিতের ছেলে। তিনি ও তার ছেলেদের নিয়ে আশুলিয়ায় ওই এলাকায় বসবাস করে আসছিলো। অভিযুক্ত রিপন কান্ত গাইবান্ধা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নিহতের মেয়ে দিপা জানান, তার বাবা রিপন কান্তের দোকানে চা বানানোর কাজ করতো। সেই তার কাজের টাকা চাইতে গেলে রিপন উত্তেজিত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রিপন তার বাবাকে কিলঘুষি মারতে থাকে। এসময় তিনি অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চক্রবর্তীস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রিপনের দোকানে কাজ নেয় বিশ্বজিৎ। কাজ ছেড়ে দিলেও, কিছু টাকা পাওনা ছিল বিশ্বজিতের। সেই টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এবং একপর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটে। রিপন কান্ত উত্তেজিত হয়ে কিল ঘুষি মারলে বিশ্বজিৎ অজ্ঞান হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ পাঠানো হয়েছে। এবং রিপন কান্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

