ইউরোপে ভ্যাকসিন প্রয়োগে ধীর গতির কারণ জানালেন মেরকেল
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৩০
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ইউরোপে করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে এমন ধীর গতির পেছনে যথেষ্ট কারণ রয়েছে। অন্যদেশগুলো যেভাবে তড়িঘড়ি করে জরুরি ভিত্তিতে একাধিক ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দিয়েছে, ইইউ সেই পথে যায়নি। সাধারণ মানুষের মনে যথেষ্ট আস্থা সঞ্চার করতে প্রত্যেকটি ভ্যাকসিনের আবেদন ভালো করে খতিয়ে দেখে তবেই প্রয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। তাছাড়া, কোম্পানিগুলির সঙ্গে দীর্ঘ দরকষাকষির পর এমন চুক্তি স্বাক্ষর করা হয়েছে যার মাধ্যমে দায়বদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। সেইসঙ্গে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি।
সোমবার (১ ফেব্রুয়ারি) জার্মান সরকার ও ভ্যাকসিন সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভ্যাকসিন সামিট এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। খবর ডয়চে ভেলে।
প্রসঙ্গত, ইসরায়েল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি দেখালেও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাকি দেশগুলোর মানুষকে অনেক অপেক্ষা করতে হচ্ছে। ফলে, জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ বাড়ছে। এই ইস্যুতে মেরকেল ইইউ’র পক্ষ নিয়ে ভ্যাকসিন প্রয়োগে ধীরগতির কারণ তুলে ধরেন।

