মিয়ানমারে ফের অভ্যুত্থান: বিএনপির উদ্বেগ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২১:০৬
মিয়ানমারে দীর্ঘ দিন সেনাশাসনের কবলে থেকে গণতন্ত্রের পথে যাত্রার এক দশক না হতেই প্রতিবেশী দেশটিতে সেনাবাহিনীর ফের অভ্যুত্থানে উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ফলে যেন রোহিঙ্গা প্রত্যাবাসন আরও দুস্কর না হয়ে ওঠে সেজন্য দ্রুত ‘কার্যকর কূটনৈতিক ব্যবস্থা’ গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সরকারের প্রতি এই দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার অগ্রাহ্য করে জনগণের ওপর কর্তৃত্ববাদী শাসনের নির্মম শিকার বাংলাদেশের জনগণের অভিজ্ঞতার প্রেক্ষিতে বিএনপি মনে করে যে, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে মায়ানমারের জনগণ গণতান্ত্রিক অধিকার ও শাসনব্যবস্থা অর্জন করেছিল তা কেড়ে নেওয়া অনৈতিক ও অগ্রহণযোগ্য।”

