অ্যামাজন: সিইও পদ ছাড়ছেন জেফ বেজোস
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৯:১০
প্রধান নির্বাহীর (সিইও) পদ ছাড়ছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এর বদলে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র খবরে জানা গেছে।
অ্যামাজনের বরাত দিয়ে প্রতিবেদনে বিবিসি জানায়, ৫৭ বছর বয়সী বেজোসের উত্তরসূরী হবেন অ্যান্ডি জেসি, বর্তমানে তিনি অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে কাজ করছেন। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে এই পরিবর্তন সম্পন্ন হবে।
এ দিকে এ নিয়ে অ্যামাজন প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী বেজোস জানিয়েছেন, এর ফলে নিজের অন্যান্য কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার “সময় ও শক্তি” পাবেন তিনি। “নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমি অ্যামাজনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে জড়িত থাকবো, এবং ডে ১ ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট এবং আমার অন্যান্য তীব্র আগ্রহের জন্য সময় ও শক্তি পাবো।” মঙ্গলবার অ্যামাজন কর্মীদের উদ্দেশ্যে এক চিঠিতে লিখেছেন তিনি। “আমি এতোটা কর্মচাঞ্চল্য এর আগে অনুভব করিনি, এবং এটি অবসর গ্রহণ করা নয়। এই সংস্থাগুলোর পক্ষে যে প্রভাব রাখা সম্ভব, সে ব্যাপারে আমি অসম্ভব আগ্রহী।” লিখেছেন বেজোস।
বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বেজোস ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। ওই সময়ে সাধারণ অনলাইন বই বিক্রেতা হিসেবে গ্যারেজে যাত্রা শুরু করা অ্যামাজন এখন অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠান। গোটা বিশ্বে অ্যামাজনের কর্মী সংখ্যা ১৩ লাখ।

