রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ৯২ শতাংশ কার্যকর: ল্যানসেট
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৯:৫১
রাশিয়ার তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন স্পুটনিক ভি কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রায় ৯২ শতাংশ কার্যকর বলে দ্য ল্যানসেট গবেষণা জার্নালে মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ধাপের পরীক্ষার ফলাফলে জানা গেছে। খবর বিবিসি’র।
‘ভ্যাকসিনটি নিরাপদ এবং হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যু থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয়’ বলে গবেষণার ফলাফলে দেখা যায়।
চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে প্রয়োগ শুরু হওয়ায় প্রাথমিকভাবে ভ্যাকসিনটি নিয়ে বিতর্ক শুরু হয়। তবে বিজ্ঞানীরা বলছেন, ভ্যাকসিনটির কার্যকারিতা এখন প্রমাণিত।
রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ আন্তর্জাতিক জার্নালে প্রকাশের আগে আরও বেশ কয়েকটি ভ্যাকসিন এই ধাপ অতিক্রম করেছে। তাদের মধ্যে রয়েছে ফাইজার, অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এবং জ্যানসেন ভ্যাকসিন।
জানা গেছে, ব্রিটেনের প্রস্তুত করা অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা এবং বেলজিয়ামে উদ্ভাবন করা জ্যানসেনের টিকা যেভাবে কাজ করে সেই একইভাবে কাজ করে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন। কোল্ড-টাইপ ভাইরাস ব্যবহার করে এটি করোনাভাইরাসের শরীরে ছোট একটি টুকরা ঢুকিয়ে দেয়। টিকা নেওয়ার পর শরীর করোনাভাইরাসের অ্যান্টিবডি উৎপাদন শুরু করে দেয়।
এছাড়া রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মজুদ করা যায়, সেই কারণে এটি সহজে পরিবহন এবং মজুদ করা যায়। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার থাকলেও সেগুলো হাতে ব্যাথা, ক্লান্তি এবং সামান্য তাপমাত্রা বাড়ার মতো সাধারণ বিষয়। ভ্যাকসিন গ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মধ্যে মৃত্যু এবং মারাত্মক অসুস্থতার কোনও বিষয় নেই।
রাশিয়া ছাড়াও আরও কয়েকটি দেশ স্পুটনিক ভি ভ্যাকসিনটি ব্যবহার শুরু করেছে। আর্জেন্টিনা, ফিলিস্তিনি অঞ্চল, ভেনেজুয়েলা, হাঙ্গেরি, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানে এই ভ্যাকসিনটি প্রয়োগ শুরু হয়েছে।

