কিশোরগঞ্জে অধ্যক্ষ হত্যাকাণ্ড: বাবার যাবজ্জীবন, ছেলের ফাঁসির রায়

কিশোরগঞ্জে অধ্যক্ষ হত্যাকাণ্ড: বাবার যাবজ্জীবন, ছেলের ফাঁসির রায়

উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:০০

কিশোরগঞ্জে এক দাখিল মাদ্রাসার অধ্যক্ষকে হত্যার দায়ে ছেলেকে ফাঁসি এবং তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডেরর সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহিম এ রায় দেন বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবু সাইদ ইমাম জানিয়েছেন।

নিহত আমিনুল হক কিশোরগঞ্জের হোসেনপুরের মহিষকুড়া সিনিয়র দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মহিষকুড়া গ্রামে। সাজাপ্রাপ্তরা হলেন, মো. মানিক মিয়া ও তার বাবা নূরুল করীম। তাদের বাড়ি হোসেনপুর উপজেলার জিনারী গ্রামে।

মামলার বিবরণ থেকে এপিপি আবু সাইদ ইমাম জানান, ২০০৯ সালের ১৪ ডিসেম্বর আমিনুল হকের ছেলে রক্সি (১৪) প্রাইভেট পড়ে নিকটবর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাবুরগাও গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ক্রিকেট খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় যুবক মানিক রক্সিকে মারধর করে বাড়িতে নিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে রক্সির বাবা আমিনুল হক (৫৪) ঘটনাস্থলে যান। এ নিয়ে কথা কাটাকাটির শুরু হলে মানিক ও তার বাবা নূরুল করীম আমিনুলকে মারধর করেন। এক পর্যায়ে মানিক ধারালো ছোরা দিয়ে আমিনুল হকের বুকে আঘাত করে। গুরুতর আহত আমিনুলকে প্রথমে জেলা সদরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ১৭ ডিসেম্বর তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া মামলার শুরু থেকেই পলাতক থাকলেও তার বাবা নূরুল করীম রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন জানান এ আইনজীবী।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading