আল-জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৪০
ভুল তথ্য ছড়ানোর জন্য আল জাজিরার বিরুদ্ধে বাংলাদেশ আইনগত ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় তাকে দেহরক্ষীরা নয়, দলীয় সদস্যরা রক্ষা করেছিলেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কাউকে তার দেহরক্ষী হিসেবে নিয়োগ দেননি। দলের (আওয়ামী লীগ) সদস্যরাই সর্বদা তার দেহরক্ষী।’
তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
এর আগে, কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী বলেছে যে এটি বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে ফাটল ধরানোর পদক্ষেপ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়, ‘আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদনটির তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সদরদপ্তর।’

