অভিজিৎ হত্যাকাণ্ড: ৬ আসামির মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:২০
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধানসহ ছয় আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ। অভিযুক্ত ছয় আসামি হলেন— আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান সাবেক মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (সাংগঠনিক নাম শাহরিয়ার), আবু সিদ্দিক সোহেল (সাংগঠনিক নাম সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আরাফাত রহমান (সাংগঠনিক নাম সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামস), শফিউর রহমান ফারাবি ও আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আব্দুল্লাহ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির যুক্তিতর্ক উপস্থাপনে এ দাবি করেন। মেজর জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক। বাকি চার আসামিকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। আগামীকাল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলাটিতে চার্জশিটভুক্ত ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

