বিশ্বে করোনায় মৃত্যু ২২ লাখ ৬৮ হাজার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:১৫
বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় ২২ লাখ ৬৮ হাজারে দাঁড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৬২৬ জনে।
বৃহস্পতিবার (৪ ফ্রব্রুয়ারি) সকাল ১০টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ৬৭ হাজার ৯১০ জনে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
প্রসঙ্গত, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৫০ হাজার ৬৮০ জন মৃত্যুবরণ করেছেন।

