কড়া নিরাপত্তায় গাজীপুরে ১ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:১০
কড়া নিরাপত্তায় গাজীপুরে এক লাখ ৮০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। জেলা ইপিআই স্টোরে নির্ধারিত তাপমাত্রায় রাখা হয়েছে।নির্দেশনা পাওয়ার পরই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ফ্রিজারভ্যানে করে এসব ভ্যাকসিন গাজীপুরে পৌঁছেছে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, প্রাথমিকভাবে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কেন্দ্রে ওই ভ্যাকসিন প্রদান করা হবে। তবে ওই কার্যক্রম শুরু করতে এখন আমরা সংশ্লিষ্ট বিভাগের নির্দেশের অপেক্ষায় রয়েছি। ইতোমধ্যে টিকা নেওয়ার জন্য মানুষ অনলাইনে নিবন্ধন শুরু করছেন।
তিনি আরও জানান, এসব ভ্যাকসিনের মধ্যে প্রায় ৫৭ হাজার গাজীপুর মহানগরে এবং বাকিগুলো গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ১৮ বছরের অধিক বয়সী সকলকে এ ভ্যাকসিন প্রদান করা হবে।

