নোবেল কখন কি করে বসে জানি না: আসিফ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:৩০
পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ দিয়ে খ্যাতি পাওয়া নোবেলের গায়কিতে মুগ্ধতার কথা জানালেন গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্টও করেছেন।
তিনি লিখেছেন, ‘এই ছেলেটা আনপ্রেডিক্টেবল। ও কখন কি করে বসে জানি না। ভালো গার্ডিয়ানশীপ হয়তো এখন পেয়েছে। সাউন্ডটেক নোবেলের গান প্রডিউস করছে, আমি খুশী! নোবেলের নাট-বল্টুর সমন্বয়টা আদৌ হবে কিনা জানি না। এখন এই মূহুর্তে তাকে বাধ্য হয়েই ভালোবাসি। কারণ ছেলেটা কণ্ঠ ছেড়ে গায়।’
‘নোবেলের কণ্ঠে নিজের পুরোনো দম খুঁজি। ওর তেজস্বী কণ্ঠ শুনতে ভালো লাগে। যা গায় দম নিয়ে গায়। মেশিন মুশিনের কাহিনি নাই। দোয়া করি নোবেল যেন অনেক বাংলা মৌলিক গান গাওয়ার সুযোগ পায়। ঝুঁকি জেনেও নোবেলের পক্ষ নিচ্ছি, শুধু তার তেজস্বী গায়কির জন্য। নোবেলের কণ্ঠ আমাদের সম্পদ। এইবার ঠান্ডা মাথায় চলবে, এই কথা দিয়েছে আমায়। আমরা কিছু বেয়াড়া দোয়া করি তোমার জন্য নোবেল, শুধু গান গেয়ে যাও’ লিখেছেন আসিফ।’

