‘ইএফডি’র মাধ্যমে ভ্যাট আদায়ে স্বচ্ছতা আসছে’
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৫১
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছেন, ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইসে (ইএফডি) ভ্যাট আদায়ে স্বচ্ছতা আসছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে এনবিআর কার্যালয়ে প্রথম ‘ইএফডি ড্র’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘদিন একটা অস্বস্তির জায়গা ছিল এনবিআরের জন্য, জনগণ যে ভ্যাট দিচ্ছেন সেই ভ্যাট সরকার পাচ্ছে কিনা। গত বছরের আগস্টে আমরা একটা জায়গায় এসে পৌঁছাই। সেটা হলো ইএফডি ও এসডিসি মেশিন। সেই ডিভাইসের মাধ্যমে ভ্যাট আদায় নিশ্চিত করা হয়।’
এটা একটা প্রাথমিক পদক্ষেপ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের আরও অনেক দূর এগোতে হবে। এজন্য ইএফডি মেশিন চালু করা হয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ মুজিববর্ষের যে অঙ্গীকার ছিল, ভ্যাট আদায়ে স্বচ্ছতা, সেটা আমরা করতে পেরেছি।’
এসময় আরও বক্তব্য দেন- এনবিআর সদস্য (বোর্ড প্রশাসন) ফয়জুর রহমান, সদস্য (কর নীতি) আলমগীর হোসেন, ইএফডি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান শিকদার প্রমুখ।

