কৃষক আন্দোলন নিয়ে টুইট, বিদ্রুপের শিকার লতা মঙ্গেশকর
উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৯:২৫
প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ইন্ডিয়ায় চলমান কৃষক আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দিয়ে বিদ্রুপের শিকার হয়েছেন। পোস্টটিকে কৃষক বিদ্রোহের ‘বিপক্ষে’ বলে ধরে নিয়েছেন বেশিরভাগ মানুষ।
গত ৩ ফেব্রুয়ারি ইন্ডিয়ার একতার কথা সামনে এনে লতা লিখেছিলেন, ‘ইন্ডিয়া এক অপূর্ব দেশ। আমরা ইন্ডিয়ানরা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ইন্ডিয়া্ন হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে যেকোনো সমস্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব।’
এর আগে দেশটির কৃষক বিক্ষোভের সমর্থনে পোস্ট করেছিলেন মার্কিন পপ তারকা রিহানা, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও সাবেক পর্ন তারকা মিয়া খালিফা। কিন্তু বিপরীত মত পোষণ করেছেন লতা মঙ্গেশকর, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, সুনীল শেঠি, কারান জোহররা।
এদিকে, বলিউডের কিছু তারকা আবার রিহানা, গ্রেটাদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। একের পর এক টুইট করছেন তাপসী পান্নু এবং স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা।
তবে মধ্যমপন্থা অবলম্বন করছেন সালমান খান। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে সিদ্ধান্তে সবার ভালো হবে, সেটাই নেয়া উচিত।

