নিখোঁজের ৫ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার শিশু
উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:২৯
তিন বছরের শিশু শাফিকে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে হঠাৎই খুঁজে পাওয়া যচ্ছিল না। পাঁচ ঘণ্টার খোঁজাখুঁজি শেষে শাফিকে পাওয়া গেল পাশের একটি পরিত্যক্ত বাড়িতে। বস্তাবন্দি অবস্থায় শাফিকে যখন তার স্বজন ও এলাকাবাসী খুঁজে পেলেন ততক্ষণে ঘাতক শিশুটিকে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে রেখে যায়।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাফি ওই গ্রামের স্কুলশিক্ষক জাহেদুল ইসলামের ছেলে। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিশুটি নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর তাদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ খুঁজে পান তার স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‘শিশুটির গলায় সামান্য দাগ রয়েছে। তার ঠোঁট দুটো অনেকটা কালচে হয়ে রয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, কেউ তাকে হত্যার পর বস্তাবন্দি করে মরদেহ ওই পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখে গেছে।’ বলেন ওসি।

