পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে গেল ট্রাক, নিহত ২
উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:২৮
পাবনার সাঁথিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বসতঘরে ঢুকে পড়ে। এ ঘটনায় এক ব্যক্তি ও তার মেয়ে নিহত হয়েছে।
সাঁথিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, উপজেলার ভিটাপাড়া এলাকার শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার সাঁথিয়ার দিনমজুর শাহ বাবু (৩৭) ও তার ১২ বছর বয়সী মেয়ে বৃষ্টি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রাতে শাহ বাবু স্ত্রী ও সন্তানদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন।এ সময় নগরবাড়ি থেকে সিরাজগেঞ্জর বাঘাবাড়িমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যায়।”
এ সময় বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

