দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দৃষ্টান্ত ইন্ডিয়া-বাংলাদেশ: শ্রিংলা
উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:০০
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইন্ডিয়া-বাংলাদেশ দৃষ্টান্ত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেন, মহামারির সময়ে আরও জোরদার হয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। সারা বিশ্বে নানা অঘটন ঘটেছে, অনেক বিষয়ে পরিবর্তন এসেছে। কিন্তু ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
কলকাতায় আয়োজিত তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন শ্রিংলা। শুক্রবার (৫ জানুয়ারি) এ উৎসবের উদ্বোধন করা হয়।
তিনি বলেন, ইন্ডিয়া ও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষার মধ্যে মিল রয়েছে এবং দুই দেশই স্বাধীনতা, ন্যায়বিচার ও বহুত্ববাদে বিশ্বাসী। দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও বেশি প্রসারিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের অপেক্ষায় আছেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর এবং ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেরও পঞ্চাশ বছর। ভারত-বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একসঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তে গড়া। তাই এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। গত ২৬ জানুয়ারি ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। দুই দেশের গোয়েন্দা বিভাগ এ বিষয়ে একসঙ্গে কাজ করছে। ফলে ইন্ডিয়া ও বাংলাদেশের সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আমি মনে করি, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে চিকিৎসা ও ভ্রমণের জন্য অনেক মানুষ আসেন। আমি যখন বাংলাদেশে ইন্ডিয়ার নিযুক্ত হাইকমিশনার ছিলাম তখন বছরে ৫ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ ভিসা দেওয়া হয়েছিল। দুই দেশের যৌথ প্রযোজনায় যে চলচ্চিত্র হচ্ছে তা অভিনন্দনযোগ্য।
কলকাতা নন্দন-১ এর সুসজ্জিত প্রেক্ষাগৃহে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) পাঁচদিনব্যাপী তৃতীয় বাংলাদেশ উৎসব-২০২১ এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রসঙ্গত, আগামী মার্চে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সফর সফল করতে গত মাসে ভারতে সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সম্প্রতি দুইবার ঢাকা সফর করেছেন শ্রিংলাও।

