দাফনের ১২ দিন পর নির্মাণাধীন ভবনে মিলল বৃদ্ধার লাশ

দাফনের ১২ দিন পর নির্মাণাধীন ভবনে মিলল বৃদ্ধার লাশ

উত্তরদক্ষিণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৪০

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে দাফনের ১২ দিন পর শতবর্ষী এক বৃদ্ধার লাশ নির্মাণাধীন একটি ভবন থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ভবনের কক্ষে ফেলে রাখা দেহটি নছুমাই বেওয়া (১১৩) নামে এক বৃদ্ধার। তিনি উপজেলার হাসানপাড়া গ্রামের মৃত তছুর আলীর স্ত্রী। ওই বৃদ্ধা দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ থেকে গত ৫ ফ্রেব্রুয়ারি স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, খবর পেয়ে স্থানীয়রা ছাড়াও আশপাশের নারী-পুরুষ লাশ দেখতে নির্মাণাধীন ভবনে ভিড় জমান।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানান, শতবর্ষী নছুমাই বেওয়া গত ৫ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। পরে তার মৃতদেহ ইসলামী রীতিনীতি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে দাফনের ১২ দিন পর মঙ্গলবার দিবাগত রাতে কবর থেকে কে বা কারা বৃদ্ধার মৃতদেহটি গায়েব করে ফেলে। পরে সকালে কবরের পাশের একটি নির্মাণাধীন ভবনের কক্ষে সেটি দেখতে পায় ভবনের শ্রমিকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। কি কারণে তার লাশ কবর থেকে তুলে নির্মাণধীন ভবনে রাখা হয় তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কারা এ ঘটনায় জড়িত তাও শনাক্তের চেষ্টা চলছে। বৃদ্ধার লাশ উত্তোলনের ঘটনায় পরিবারের সদস্যদের কোনও অভিযোগ নেই। তাদের দাবি অনুযায়ী বৃদ্ধার লাশ পুনরায় ওই কবরে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে বলে জানান তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading