ড. ইউনূসকে হাইকোর্টে তলব
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:০১
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করার অভিযোগে তলব করা হয়েছে তাকে।
আগামী ১৬ মার্চ তাকে হাইকোর্টে হাজির হতে হবে। একইসঙ্গে আদালত অবমাননার বিষয়ে তার বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত।
আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারি) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদালত এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। তিনি জানান, আগামী ১৬ মার্চ আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ড. ইউনূসকে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে।

