‘রেজিস্ট্রেশনের আওতায় আসছে ইজিবাইক, থ্রি-হুইলার অটোরিকশা’
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:৫২
‘সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তায় ইজিবাইক-থ্রি-হুইলার জাতীয় অটোরিকশা রেজিস্ট্রেশনের আওতায় আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে সড়ক পরিবহন বিভাগে গঠিত কমিটির পেশকৃত প্রস্তাবিত সুপারিশমালা যাচাই বাছাই করে কর্মকৌশল নির্ধারণে একটি সাব কমিটি গঠন করা হয়েছে।’ বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিআরটিএ’র প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৮তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন মন্ত্রী।
এসময় ‘নিরাপদ সড়ক নিশ্চিতে আইনগত কাঠামো আরও যুগোপযোগী এবং যৌক্তিক করতে সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের মতামত ইতোমধ্যেই নেওয়া হয়েছে’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্বল্প সময়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনগত ভীত মজবুত করা হবে।’ তিনি বলেন, ‘প্রথমবারের মতো দেশের মহাসড়কে রোড সেফটি অডিট চালু করা হয়েছে। সড়ক নিরাপত্তায় ২০১৭ থেকে ২০২০ মেয়াদে একটি ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক প্ল্যান গ্রহণ করা হয়েছিল, সেই পরিকল্পনার মেয়াদ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একশন প্ল্যান প্রণয়নের নির্দেশনা অনুযায়ী নতুন করে ২০২১ থেকে ২০২৪ মেয়াদের জন্য কৌশলগত পরিকল্পনা আজ উপস্থাপন করা হয়। এটি একটি দীর্ঘ পরিকল্পনা, তাই স্ট্র্যাটেজিক একশন প্ল্যান বাস্তবায়নে সুপারিশ চূড়ান্ত করতেই এই কমিটি করা হয়।’ মন্ত্রী বলেন, ‘এ কমিটি আগামী এক মাসের মধ্যে খসড়া চূড়ান্ত করে পরবর্তী সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে অনুমোদনের জন্য পেশ করবে।’
ড্রাইভিং লাইসেন্সে জন্য মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘এ মাসের শেষ সপ্তাহ হতে মানসম্মত লাইসেন্স প্রদানের কাজ শুরু হবে।’

