মিয়ানমারে বিক্ষোভ দমনে ফের জলকামান
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:১০
সামরিক বাহিনীর ক্ষমতা দখল এবং রাজনীতিকদের গ্রেপ্তারের প্রতিবাদে মিয়ানমারজুড়ে বিক্ষোভ অব্যাহত আছে। বৃহস্পতিবারও (১৮ ফেব্রুয়ারি) দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটির অনেকগুলো শহরে অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে কোথাও কোথাও পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়েছে। রাজধানী নেপিডোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সরাতে জলকামান ব্যবহার করেছে। উত্তরের একটি শহরে ব্যবহৃত হয়েছে ক্যাটাপুল্ট।
অভ্যুত্থানবিরোধী টানা কর্মসূচি ও ধর্মঘটে মিয়ানমারের অনেকগুলো সরকারি কার্যালয় কার্যত অচল হয়ে পড়েছে।
নতুন নির্বাচন আয়োজনের মাধ্যমে বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া সামরিক জান্তা সরকারি কর্মচারীদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে। যারা যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে তারা।
“আমি স্বৈরতন্ত্রে ঘুম থেকে জেগে উঠতে চাই না। আমরা চাই না বাকি জীবন ভয়ের মধ্যে থাকতে,” বলেছেন কো সোয়ে মিন নামের এক বিক্ষোভকারী।

