মিয়ানমারে বিক্ষোভ: গুলিবিদ্ধ তরুণী থুই থুই খাইংয়ের মৃত্যু
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:৩৫
মিয়ানমারে সেনা শাসনবিরোধী বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ তরুণী মেয়ে থুই থুই খাইংয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপিডোর হাসপাতাল কর্তৃপক্ষ। ২০ বছর বয়সী ওই তরুণী ৯ ফেব্রুয়ারি নেপিডোর বিক্ষোভে মাথায় আঘাত পেয়েছিলেন; সেদিনের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়েছিল। খাইংয়ের আঘাতের সঙ্গে তাজা গুলির আঘাতের সামঞ্জস্য আছে বলে সেসময়ই বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী জানিয়েছিল।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) খাইংয়ের ভাই ইয়ে তুত অং টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নোবেলজয়ী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে মিয়ানমারে গত দুই সপ্তাহ ধরেই টানা আন্দোলন চলছে।
বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় নেপিডোর হাসপাতাল কর্তৃপক্ষ খাইংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে। তার শেষকৃত্য আয়োজনের দায়িত্বে থাকা কমিটির এক সদস্য বলেছেন, শেষকৃত্যের প্রস্তুতি চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
৯ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে খাইং হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ ছিল।

