৭ কলেজের সব পরীক্ষা স্থগিত
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৩৫
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি বড় সরকারি কলেজের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আগামী ২৪ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার পরদিন এ সিদ্ধান্ত নিয়েছে সাত কলেজ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাত কলেজের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। চলতি সব পরীক্ষাও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে ফের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম চালু হবে। এর মাঝে কোনো পরীক্ষা নেওয়া হবে না।
জানা গেছে, মঙ্গলবার সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিন জন ডিনকে নিয়ে সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এস মাকসুদ কামাল। তিনি সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এ সভাতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

