সৈয়দ আবুল মকসুদ আর নেই
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২১:১৫
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের বিশিষ্ট লেখক-গবেষক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী সৈয়দ আবুল মকসুদ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর স্কয়ার হাসপাতালে রাত সাতটার দিকে মৃত্যুবরণ করেন তিনি। স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
স্কয়ার হাসপাতালের পরিচালক ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন, ‘আমাদের হাসপাতালের আনার পরে আমরা উনাকে মৃত অবস্থায় পাই। রাত সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।’
সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ বলেন, ‘বাবা বিকেলের দিকে হঠাৎ করেই শ্বাসকষ্ট অনুভব করেন। আমরা সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। একটু আগেই তিনি মারা গেছেন।’
সৈয়দ আবুল মকসুদের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে কবিতা: বিকেলবেলা, দারা শিকোহ ও অন্যান্য কবিতা; প্রবন্ধ: যুদ্ধ ও মানুষের মূর্খতা, বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার, পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন, ঢাকায় বুদ্ধদেব বসু প্রভৃতি; জীবনী: সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, গোবিন্দচন্দ্র দাসের ঘর-গেরস্থালি ; ভ্রমণকাহিনি: জার্মানির জার্নাল, পারস্যের পত্রাবলি।

