পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীরা
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:১০
পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে ফের নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে নিউ মার্কেট-আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
এর আগে, একই দাবিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতেও তারা নীলক্ষেত মোড় প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এর আগে মঙ্গলবার বিকেলে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষদের এক সভায় সাত কলেজের সব পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়।
বুধবার সকালে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা রুটিন অনুযায়ী চলমান পরীক্ষা নেওয়াসহ আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান আন্দোলনকারীরা।
এসময় তারা ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’,‘চলমান পরীক্ষা নিতে হবে নিতে হবে,‘সাত কলেজের পরীক্ষা নিতে হবে নিয়ে নাও,’ ‘ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতে হবে নিতে হবে,’ ‘দাবি মোদের একটাই-মার্চে হল-ক্যাম্পাস খোলা চাই,’ ইত্যাদি স্লোগান দিতেও শোনা যায়।

