বিএনপির ১৯ দিনের কর্মসূচি ঘোষণা
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:০০
স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে মার্চ মাসে ১৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়াও বছরজুড়ে নানা কর্মসূচি পালন করবে দলটি। প্রতি মাস শেষ হওয়ার আগে পরের মাসের কর্মসূচি ঘোষণা করা হবে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। বুধবার বিকালে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদলের সাক্ষাতের কথা রয়েছে বলে জানান বিএনপির এই নেতা।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব অনুষ্ঠানের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহযোগিতা চেয়ে খন্দকার মোশাররফ বলেন, বিএনপি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাতীয় কমিটির পক্ষ থেকে আমরা এদেশের দলমত নির্বিশেষ সকল পেশা সকল জনগণকে আহ্বান জানাচ্ছি তারা যেন অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে এবং গুরুত্বের সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেন যার যার অবস্থান থেকে। কারণ এই স্বাধীনতা এদেশের জনগণের প্রস্ফূটিত স্বাধীনতা, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এদেশের জনগণের জন্য জনগণের স্বার্থে এই স্বাধীনতা। তাই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সকলে উদযাপন করতে চাই। তেমনিভাবে আমরা সরকারের কাছেও সহযোগিতা চাই, যাতে করে আমরা পঞ্চাশ বছর পূর্তির এই যে আমাদের আবেগ, আমাদের যে উচ্ছ্বাস, নির্বিঘ্নে, সুন্দরভাবে পালন করতে পারি, তার জন্য সরকারের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চাই।
মার্চ মাসের কর্মসূচির বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, ১ মার্চ সুবর্ণ জয়ন্তীর কর্মসূচির উদ্বোধন হবে। অনুষ্ঠানের স্থান ও সময় পরে গণমাধ্যমে জানানো হবে। ২ মার্চ ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার পতাকা উত্তোলন শীর্ষক আলোচনা সভা, ৩ মার্চ ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ শীর্ষক আলোচনা সভা, ৭ মার্চ আলোচনা সভা, ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালন, ৯ মার্চ সেমিনার, ১০ মার্চ রচনা প্রতিযোগিতা, ১৩ মার্চ বছরব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন, ১৫ মার্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২০ মার্চ আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সেমিনার, ২২ মার্চ স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, জেড ফোর্স এবং বীর উত্তম জিয়াউর রহমান শীর্ষক সেমিনার, ২৩ মার্চ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য মেলা, ২৪ মার্চ নির্বাচিত বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈরাচারী এরশাদের জোরপূর্বক ক্ষমতা দখল শীর্ষক সেমিনার, ২৫ মার্চ কালো রাত্রি শীর্ষক আলোচনা সভা, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ, জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ, রক্তদান কর্মসূচি, সারাদেশে শোভাযাত্রা, ২৭ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে ও বগুড়ায় বাগবাড়ি গমন এবং দুই জায়গায় আলোচনা সভা, ২৮ মার্চ মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ৩০ মার্চ সোহরাওয়ার্দি উদ্যানে সুবর্ণ জয়ন্তী মহাসমাবেশ ও ৩১ মার্চ মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন।

