আবাসন প্রকল্প অনুমতি ছাড়া করা যাবে না: মেয়র তাপস
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৩৭
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, বিভিন্ন হাউজিং কোম্পানি অবৈধভাবে নিচু জমি ভরাট করে (আবাসন প্রকল্প) নির্মাণ করছে। অনুমতি ছাড়া কোনো আবাসন প্রকল্প করা যাবে না।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ৭৫ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তাপস। তিনি ত্রিমোহিনী গুদারাঘাট থেকে দাসেরকান্দি, বালুর পাড়, কায়েতপাড়া বাজার, ইদারকান্দি এবং ফকিরখালী এলাকা ঘুরে দেখেন। ফকিরখালী এলাকায় পৌঁছে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
“ভূমিদস্যুদের দ্বারা আমাদের শহর আগ্রাসনের শিকার। সেই বিষয়গুলো আমরা সরেজমিন দেখেছি।” বলেন মেয়র।
মেয়র আরও বলেন, “কিছু হাউজিং কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমতি ছাড়া জমি দখল করছে। তারা যত্রতত্র হাউজিং করছে, যেখানে মানুষজন ভুক্তভোগী হচ্ছে। তারা অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। আমরা আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি এখানে ড্রেজিং বন্ধ করতে হবে। যত্রতত্র বিনা অনুমতিতে হাউজিং করা যাবে না। এগুলো সব বন্ধ এবং প্রয়োজন হলে তাদের সব যন্ত্রপাতি আমরা বাজেয়াপ্ত করব।”
প্রসঙ্গত, সাপ্তাহিক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে ৭৫ নম্বর ওয়ার্ডে যান শেখ ফজলে নূর তাপস।

