ভিসা নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:১৭
গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। খবর রয়টার্সের।
গত বছর করোনা মহামারিতে মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার অজুহাতে ট্রাম্প এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বুধবার ভিসা নিষেধাজ্ঞা বাতিল করে ট্রাম্পের উদ্যোগটি খারিজ করে দেন বাইডেন।
বাইডেন বলেন, এই নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় পরিবারের সঙ্গে মিলিত হওয়া বন্ধ করেছে এবং মার্কিন বাণিজ্যে ক্ষতিকর প্রভাব ফেলেছে।
ট্রাম্পের কঠোর অভিবাসননীতি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। গত কয়েক সপ্তাহ ধরে অভিবাসনের সমর্থকরা এই নিষেধাজ্ঞা বাতিলের জন্য চাপ দিয়ে আসছিলেন। ৩১ মার্চ এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

