ভাবতে গেলেই শিউরে উঠছেন বুবলী
উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১০:১৩
চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে গাড়িচাপা দিয়ে ‘একাধিকবার হত্যাচেষ্টা’ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সবশেষ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শুটিং থেকে বাসায় ফেরার সময় উত্তরায় তাকে গাড়িচাপা দেয়ার চেষ্টা করা হয়। এর আগের দিন রাতেও উত্তরায় জসীমউদ্দীন রোডে রং সাইড থেকে তার গাড়ির দিকে দ্রুতগতিতে ছুটে আসে নম্বরপ্লেটবিহীন একটি গাড়ি। অভিযোগ এই চিত্রনায়িকার।
বুবলী জানান, বৃহস্পতিবার রাতের ঘটনাটি ছিল তৃতীয়বারের মতো। “একটি কালো গ্লাসঘেরা গাড়ি সেদিন আমার গাড়িকে সরাসরি আঘাত করার চেষ্টা করে, তখনই বুঝে ফেলি কিছু একটা ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। আমি এখনও ট্রমার মধ্যে আছি। ভাবতে গেলেই শিউরে উঠছি। আমার চালক বলছেন, ম্যাডাম এটা কোনোভাবেই হতে পারে না, এটা আমাদের গাড়িকে আঘাত করে দুর্ঘটনা ঘটানোর একটা চেষ্টা করা হয়েছে।”
তিনি বলেন, বারবার আমার সঙ্গে এই ঘটনা ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গে এরকমটা ঘটছে, তবে এতটুকু বুঝতে পারছি কেউ আমাকে মারার চেষ্টা করছে। শুধু গাড়ি দিয়ে নয়, নানাভাবেই এই চেষ্টা চালানো হচ্ছে। আপনার সঙ্গে যখন একটা ঘটনা ঘটতে যাচ্ছে তখন আপনি ফিল করতে পারবেন। এর আগে আমি বাসায় চিন্তা করবে ভেবে বলিনি। কিন্তু কাল রাতে আমি বলতে বাধ্য হয়েছি- কেননা স্বাভাবিক থাকতে পারছিলাম না।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
বুবলী বলেন, কাল রাতে (বৃহস্পতিবার) আমি বাড়ি ফিরছিলাম। বলতে গেলে সতর্কভাবেই বাড়ি ফিরছিলাম, যেই বাড়ির রাস্তায় ঢুকেছি অমনি মনে হলো একটা থেমে থাকা গাড়ি আমার গাড়িকে আঘাত করার জন্য তীব্রবেগে ছুটে আসে। অবস্থা বুঝে আমার চালক কঠিনভাবে ব্রেক কষে ধরেন। জাস্ট ভাবতে পারছিলাম না কী হতে যাচ্ছিল। এর আগেও গাড়ি দিয়ে দুইবার একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। দুইদিন আগে একবার আর করোনার মহামারির কিছুদিন আগে একবার। সেইম ঘটনাই ঘটেছিল। কাল রাতের ঘটনায় নিশ্চিত হলাম, যদিও আমি আগে থেকেই টের পাচ্ছিলাম।
”আমি নিজেও ড্রাইভিং জানি তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমারও আছে।”

তিনি আরও বলেন, আমি যদি আজ এটা না বলি- তাহলে দেখা গেল গাড়ি দুর্ঘটনায় মারা গেলাম- সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে চালিয়ে দেওয়া হবে। এর পেছনে যে একটা সুক্ষ্ম ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিত রয়েছে বা ছিল তা কেউ জানতে পারতো না। এ জন্য ভাবলাম বিষয়টা সকলকে জানানো দরকার। এজন্য ফেসবুকে লিখেছি। আমার সাথে যা ঘটেছে সেই অবস্থার বর্ণনা হয়তো আমি তুলে ধরতে পারিনি। কিন্তু ফেসবুকে যা লিখেছি তার চেয়েও কয়েকগুণ ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমার সঙ্গে।
এদিকে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এই অভিনেত্রী তার ফেসবুক পেইজে লিখেছেন, “সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা যা শুনি তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্য রকম সংবাদও হতে পারতো। হয়তো আল্লাহর রহমত, মা-বাবা ভাই-বোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।”
“প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এতো জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে। অনেক দিন ধরেই আমি নানাভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি।”
এ নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে বুবলী গণমাধ্যমকে জানান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। ঘটনার পর থেকে তার পরিবার ও আত্মীয়-স্বজনেরা তাকে বের হতে নিষেধ করছেন। তাই তিনি বের হচ্ছেন না। দু’একদিন পর থানায় গিয়ে তিনি জিডি করবেন।

