সড়কে হঠাৎ এত প্রানহাণি
উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৫৫
দেশজুড়ে হঠাৎ করেই যেন সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে কেবল গতকাল শুক্রবারই (২৬ ফেব্রুয়ারি) সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে দেশের সাত জেলায়। একই দিনের বিভিন্ন সময়ে ঘটা এসব দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ২৩ জন। সড়কে যেন মৃত্যুর ঢল নেমেছে হঠাৎ।
শুক্রবার প্রথম পাওয়া দুর্ঘটনার খবরটি ছিল সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে। দূরপাল্লার বাস এনা ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আট জন নিহত হন। ভয়াবহ এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানায় পুলিশ। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এদিন সকাল ৭টার দিকে রশিদপুরে সিলেট-ঢাকা মহাসড়কে এই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চার জন নিহত হন। শুক্রবার ভোরে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ নিহতদের উদ্ধার করেন। এ সময় অন্তত আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একই জেলায় এদিন অপর দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তিষীগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী এ তথ্য জানান।
ময়মনসিংহের ধোবাউড়ার মেকিয়ারকান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন রাসেল (২২) ও শহিদুল ইসলাম রনি (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী। শুক্রবার বেলা ১২টায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি রাস্তার পাশের ক্ষেতে পড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী দুজন ট্রাকের নিচে চাপা পড়ে। তারা ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা এসে ট্রাকের নিচ থেকে তাদের উদ্ধার করেন।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতুতে বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক ইয়ার উদ্দিন ও হেলপার রেজাউল করিমকে পুলিশ আটক করে। নিহতরা হলেন– ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী এলাকার সিরাজ মাতুব্বরের ছেলে শরীফ মাতুব্বর (২০) এবং একই বাড়ির ইউসুফ আলীর ছেলে আল-আমীন (২০)। সম্পর্কে তারা দুই জন চাচাতো ভাই।

ঝিনাইদহের কালিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে শিমুল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কালিগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত এবং একজন আহত হন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের বানিয়ারছড়ার মহেশখালী রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন– চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেজামউদ্দিনের ছেলে মো. ছোটন (২২), কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জানিয়া এলাকার আমির হোসেনের ছেলে শামসুল আলম (২০)। আহত মো.ফারুক যুবক রামুর গর্জানিয়ার মো.হোসেনের ছেলে। হতাহতরা সবাই বানিয়ারছড়ার একটি গ্রিল ওয়ার্কশপের দোকানের শ্রমিক।
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার দুই জন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম আমজাদের বাজার এবং পদুয়ার রাস্তার মাথা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. খোকন।
তিনি জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপের হেলপার মনির হোসেন নিহত হন। মনির বগুড়া সদর উপজেলার চরডুপু গ্রামের আবু সায়েদের ছেলে। অন্যদিকে মহাসড়কের পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (২৯) লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মহাসড়কের কোনও অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন।

